প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৭:৪১ পিএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বরিশালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
এর আগে বরিশাল সার্কিট হাউসে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বরিশাল বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওসার।
সিইসি বলেন, “নির্বাচন আগামী রমজানের আগেই, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করছে। নিয়ম অনুযায়ী ভোটের দুই মাস আগে তফসিল ঘোষণা করতে হয়। সেই হিসেব অনুযায়ী ডিসেম্বরের প্রথমার্ধেই তফসিল ঘোষণা করতে হবে।”
তিনি আরও বলেন, “এই নির্বাচন বিগত দিনের মতো হবে না। এটি হবে সম্পূর্ণ আলাদা ধরনের একটি নির্বাচন, যেখানে সবকিছু হবে স্বচ্ছ, অবাধ ও অংশগ্রহণমূলক।”
এ সময় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক বরাদ্দ প্রসঙ্গে তিনি বলেন, “এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশনের আইন ও নীতিমালায় এ প্রতীক অন্তর্ভুক্ত নেই।”
সরকারিভাবে নিষিদ্ধ দল আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ সংক্রান্ত এক প্রশ্নে সিইসি বলেন, “সরকার যেহেতু দলটিকে নিষিদ্ধ করেছে, তাই তারা ততদিন নির্বাচনে অংশ নিতে পারবে না, যতদিন পর্যন্ত তাদের বিচার শেষ না হয়। তবে সাধারণ ভোটার হিসেবে তাদের সমর্থকরা ভোট দিতে পারবেন।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে