প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ২:৩৭ পিএম আপডেট: ১৫.১০.২০২৫ ৪:১৬ PM

ফাইল ছবি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, রাজধানীর মিরপুরে কেমিক্যাল গোডাউনে আগুনে দগ্ধ হয়ে নিহত ১৬ জনের মৃত্যু বিষাক্ত গ্যাসে নয়, আগুনে পুড়েই হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ঢামেক পরিচালক বলেন, ডিএনএ নমুনা সংগ্রহের পর সনাক্তদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এখন পর্যন্ত ১০ জন মরদেহের পরিচয় প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে।
জানা গেছে, অগ্নিকাণ্ডের পর গোডাউনে থাকা বিভিন্ন রাসায়নিক থেকে ক্লোরিনসহ বিষাক্ত গ্যাস নির্গত হচ্ছে। সকালে আশপাশের কয়েকটি গার্মেন্টসে কর্মীরা কাজে যোগ দিলে ধোঁয়ার কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে শিয়ালবাড়ির টিনশেড কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ১৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে। পরে ১২টি ইউনিটের টানা সাত ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।
তারা আরো জানায়, ভবনের ছাদ টিনশেড এবং তালাবদ্ধ থাকায় গার্মেন্টসে কাজ করছিলেন যেসব শ্রমিক, তারা আর বের হতে পারেননি। গোডাউনে হাইড্রোজেন পার-অক্সাইড, ব্লিচিং পাউডারসহ সাত-আট ধরনের রাসায়নিক মজুত ছিল।
এদিকে নিখোঁজদের স্বজনরা হারানো প্রিয়জনের খোঁজে নির্বাক বসে আছেন, কেউ বা কান্নায় ভেঙে পড়েছেন। ঘটনাস্থল এক নজর দেখতে জড়ো হচ্ছেন উৎসুক জনতাও।
স্বদেশ প্রতিদিন/শাহো