প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ২:০৩ পিএম

রাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে বলেন, “মানবজীবনের চেয়ে কিছুই মূল্যবান নয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো শ্রমজীবী মানুষদের মৃত্যু আমাদের হৃদয় বিদীর্ণ করেছে। আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি।”
নেতারা বলেন, “এটি নিছক দুর্ঘটনা নয়, বরং দেশের শিল্প ও নগর ব্যবস্থাপনায় প্রচণ্ড অব্যবস্থাপনার একটি নির্মম প্রতিচ্ছবি। রাসায়নিক দ্রব্যের গুদাম ও পোশাক কারখানা একই ভবনে থাকা চরমভাবে বিপজ্জনক ও অবৈধ। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাব ও নিরাপত্তা ব্যবস্থা অনুপযুক্ত হওয়াকেই দায়ী করতে হবে।”
এবি পার্টি সরকারের প্রতি তিন দফা দাবি উত্থাপন করেছে:
১. এই ঘটনায় স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে প্রকৃত কারণ প্রকাশ করতে হবে।
২. নিহত ও আহতদের পরিবারকে অবিলম্বে আর্থিক সহায়তা দিতে হবে।
৩. রাজধানীসহ দেশের শিল্প এলাকাগুলোতে ঝুঁকিপূর্ণ রাসায়নিক গুদাম ও কারখানার নিরাপত্তা ব্যবস্থার পুনর্বিন্যাস করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, দেশের প্রতিটি শ্রমিকই জাতীয় সম্পদ। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এবি পার্টি জনগণের প্রতি আহ্বান জানায়, এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য।
দলটি নিহতদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সহানুভূতি জানিয়েছে।
স্বদেশ প্রতিদিন/এনআর