প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৪:০৫ পিএম আপডেট: ১৪.১০.২০২৫ ৪:৫৮ PM

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, ‘জামিন আদেশ পাওয়ার পর আসামিকে কারাগার থেকে মুক্তি পেতে আর ১২টি ধাপ অতিক্রম করতে হবে না। এখন থেকে এক ক্লিকেই আদালতের জামিন আদেশ পৌঁছে যাবে সংশ্লিষ্ট কারাগারে।’
মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে এমন তথ্য জানান আইন উপদেষ্টা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, ‘আগামীকাল (১৫ অক্টোবর) থেকে অনলাইনে জামিননামা (বেইল বন্ড) পাঠানোর কার্যক্রম শুরু হচ্ছে। আদালতের রায় থেকে একটি ক্লিকেই সেই জামিননামা সরাসরি পৌঁছে যাবে জেলখানায়, যেখানে আসামি বন্দি আছেন। এতে আসামির পরিবারকে আর দৌড়াদৌড়ি করতে হবে না।’
আসিফ নজরুল আরও জানান, সাধারণ মানুষের হয়রানি কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আদালতের জামিন আদেশ বাস্তবায়নে আগে যেসব ধাপ পেরোতে হতো, তাতে সময় এবং টাকা দুটোই অপচয় হতো।
আইন উপদেষ্টা আরও বলেন, ‘বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় অন্তর্বর্তী সরকারের সময়েই হবে। বিচার বিভাগ পৃথক সচিবালয় আইন, গুম প্রতিরোধ আইন, দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন, মানবাধিকার সংক্রান্ত আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম