প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২:৫৬ পিএম

আগামী ১৯ অক্টোবরের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যদি শাপলা প্রতীকের বিকল্প নির্বাচন না করে, তবে নির্বাচন কমিশন (ইসি) নিজ উদ্যোগে তাদের জন্য নতুন প্রতীক নির্ধারণ করবে। ইসি জানিয়েছে, শাপলা প্রতীক তাদের কাছে তালিকাভুক্ত না থাকায়, এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয়।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “এনসিপিকে শাপলা প্রতীকের সুযোগ দেওয়া সম্ভব নয়। আগামী ১৯ অক্টোবরের মধ্যে তারা শাপলার বিকল্প প্রতীক বেছে আমাদের জানাবে। যদি না জানায়, তবে ইসি নিজ উদ্যোগে অন্য একটি প্রতীক দিয়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবে।”
এছাড়া, আখতার আহমেদ আরও জানান, নির্বাচন কমিশন মনে করছে শাপলা প্রতীককে তালিকায় অন্তর্ভুক্ত করার কোনো প্রয়োজন নেই।
এ বিষয়ে ইসি পূর্বে এনসিপিকে চিঠি পাঠিয়ে ৫০টি প্রতীকের মধ্যে থেকে তাদের জন্য একটি প্রতীক বেছে নেওয়ার নির্দেশনা দেয়। তবে এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা শাপলা প্রতীকের বাইরে অন্য কোনো প্রতীকে নিবন্ধন নেবে না।
স্বদেশ প্রতিদিন/কেআইকে