প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৩:১৪ পিএম

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টার পর শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে এই কর্মসূচি শুরু করেন। পরে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরাও দলে দলে কর্মসূচিতে যোগ দেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে রাজপথ প্রকম্পিত করেন। তাদের স্লোগানের মধ্যে ছিল, ‘অধ্যাদেশ নিয়ে টালবাহানা চলবে না’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না’ ইত্যাদি।
শিক্ষার্থীদের অবস্থানের ফলে শিক্ষা ভবন থেকে সচিবালয়গামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। নিরাপত্তার স্বার্থে পুলিশ ওই এলাকায় ব্যারিকেড বসিয়েছে যাতে শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে অগ্রসর হতে না পারে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, “সরকার সাত কলেজ নিয়ে একটি নতুন বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দিলেও এখন পর্যন্ত কোনো অধ্যাদেশ জারি হয়নি। আমরা চাই আজই ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ অধ্যাদেশ আকারে জারি করা হোক। তা না হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”
প্রসঙ্গত, চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাতটি সরকারি কলেজকে নিয়ে একটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রস্তাবিত নাম অনুযায়ী নতুন বিশ্ববিদ্যালয়ের নাম রাখা হয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। কলেজগুলো হলো, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।
সরকারি সাত কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের দাবিতে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
স্বদেশ প্রতিদিন/কেআইকে