প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৫:৩৫ পিএম

আফগানিস্তান সীমান্তে রাতে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যেখানে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে তাদের ২৩ জন সৈন্য নিহত এবং ২৯ জন আহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা (আইএসপিআর) দাবি করেছে, এই সংঘর্ষে ২০০ জনেরও বেশি তালেবান এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছেন।
অপর দিকে, আফগান কর্মকর্তারা দাবি করেছেন, পাকিস্তানি সেনাদের মধ্যে অন্তত ৫৮ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, অভিযানে আফগান বাহিনী বিপুল পরিমাণ পাকিস্তানি অস্ত্র দখল করেছে। তিনি আরও জানান, তালেবান বাহিনীরও ২০-এর বেশি সদস্য নিহত বা আহত হয়েছেন।
সংঘাতের পর উত্তেজনা বাড়তে শুরু করেছে। আফগান সীমান্তবর্তী কুনার প্রদেশসহ অন্যান্য এলাকায় আফগান বাহিনী ট্যাঙ্ক ও ভারী অস্ত্র মোতায়েন করেছে। আল জাজিরা এবং আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের বরাতে জানা গেছে, আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সীমান্ত এলাকায় ব্যাপক অস্ত্র সরবরাহ করা হচ্ছে।
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই উভয় দেশকে তাদের সার্বভৌমত্ব রক্ষা এবং সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “ইরান চাইছে উভয় পক্ষ সংযমী হয়ে আচরণ করুক এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য আলোচনা শুরু করুক। আমরা প্রয়োজন হলে সহযোগিতাও করতে প্রস্তুত।”
উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় সীমান্তবর্তী এলাকায় যে কোনো সময় আরও সংঘাত ঘটার আশঙ্কা রয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ