জনগণ এখন নির্বাচনমুখী, ফেব্রুয়ারিতে ভোটের অপেক্ষায়: ড. এম এ কাইয়ুম
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৪:০৬ পিএম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেছেন, ‘জনগণ ইতিমধ্যে নির্বাচনমুখী হয়ে গেছে। আগের নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। এখন জনগণ ভোটের অধিকার ফিরে পেয়েছে এবং ভোট দেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।’
শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর মধ্যবাড্ডা বাজার সংলগ্ন পুরাতন পাকা জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরার সময় তিনি এসব কথা বলেন।
ড. এম এ কাইয়ুম বলেন, ‘যতবার এ দেশের মানুষ ভোট দেয়ার সুযোগ পেয়েছে, ততবারই ধানের শীষে ভোট দিয়েছে। আগামী দিনেও ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনবে, কারণ বিএনপি এদেশের মাটি ও মানুষের দল, বিএনপি এদেশের মানুষের অধিকার নিয়ে কাজ করে।’
তিনি বলেন, ‘সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী বছরে ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, ইনশাল্লাহ।’
তিনি অভিযোগ করেন বলেন, ‘ফেব্রুয়ারি নির্বাচন বানচালের জন্য পতিত স্বৈরাচার ও কিছু স্বার্থান্বেষী মানুষ নানাভাবে ষড়যন্ত্র করছে। তবে জনগণ আর ষড়যন্ত্রের ফাঁদে পা দেবে না।’
বিএনপির এ নেতা আরও বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা এদেশে মানুষের মানবাধিকার কেড়ে নিয়ে নিজের মতো সংবিধান তৈরি করেছেন। সেই সংবিধান সংস্কার করে একটি জনবান্ধব কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে তারেক রহমান ৩১ দফা কর্মসূচি দিয়েছেন। আমরা জনগণের মাঝে সেটি প্রচার করছি।’
তিনি বলেন, ‘১৪০০ মানুষের জীবনের বিনিময়ে আমরা এক ভয়ঙ্কর স্বৈরাচারকে বিদায় করেছি ‘বৈষম্যবিরোধী বাংলাদেশ’ স্লোগানের মাধ্যমে। আগামী দিনে ধর্ম-বর্ণ, ধনী-গরিব নির্বিশেষে সবার অধিকার ভোগ করবে,কেউ কারো অধিকার হনন করতে পারবে না। এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হবে একটি সত্যিকারের কল্যাণ রাষ্ট্র। এটি আমাদের প্রত্যাশা।’
স্বদেশ প্রতিদিন/এমএম