প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৩:০০ পিএম

আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে জাতিসংঘের সহযোগিতা ও কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে রাজধানীর বসুন্ধরায় দলটির আমির ডা. শফিকুর রহমানের কার্যালয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে সাক্ষাৎকালে এ অনুরোধ জানানো হয়।
বৈঠকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খান উপস্থিত ছিলেন। প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। আলোচনায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার, রোহিঙ্গা সংকট এবং আসন্ন জাতীয় নির্বাচনসহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু উঠে আসে।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন নির্বাচন দেশের গণতান্ত্রিক ধারার জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়। তারা আশা প্রকাশ করে, জাতিসংঘের সহযোগিতা বাংলাদেশে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মীর আহমাদ বিন কাসেম (আরমান)।
এসময় দলটির পক্ষ থেকে বাংলাদেশের নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা উন্নয়ন এবং দেশের সার্বিক অগ্রগতিতে জাতিসংঘের অব্যাহত সহায়তার প্রত্যাশা জানানো হয়।
স্বদেশ প্রতিদিন/ আরএফ