প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৪:০৩ AM

আফগানিস্তানের তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারতের সফরে যাচ্ছেন। ৯ থেকে ১৬ অক্টোবরের মধ্যে তিনি নয়াদিল্লি সফর করবেন বলে ধারণা করা হচ্ছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় শুক্রবার এই খবর নিশ্চিত করেছে। ২০২১ সালে তালেবান আফগানিস্তানে ক্ষমতায় আসার পর এটিই প্রথমবারের মতো কাবুল প্রশাসনের কোনো শীর্ষ নেতার ভারত সফর।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আফগান তালেবান নেতাদের বিদেশ সফরের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, মুত্তাকির ক্ষেত্রে তা আপাতত সরিয়ে নেওয়া হয়েছে। ফলে তার ভারত সফরের পথ সুগম হয়েছে।
ভারতের সঙ্গে তালেবান সরকারের কূটনৈতিক সম্পর্ক স্বীকৃত নয়, তবে ভারত আলোচনার দরজা খোলা রেখেছে। নয়াদিল্লি ও কাবুলে কয়েক মাস ধরে প্রস্তুতি চলছে। মুত্তাকি ও অন্যান্য তালেবান নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রী ও মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা জেপি সিংহ।
মুত্তাকির সফরের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য, শুকনো ফল রপ্তানি, স্বাস্থ্য খাত, কনস্যুলার সার্ভিস এবং বন্দর কার্যক্রম নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভারত-আফগান সম্পর্কের নতুন সূচনা হিসেবে মুত্তাকির সফরকে দেখা হচ্ছে, বিশেষ করে আফগানিস্তানে প্রাকৃতিক দুর্যোগে ভারতের সহায়তার প্রেক্ষাপটে। সফরের আগে মুত্তাকি রাশিয়াও সফর করবেন, যেখানে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ