প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ১:৫৮ AM

গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলা ও ত্রাণযান জব্দের ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে বলেন, ইসরায়েল মানবতার পরিপন্থী একটি বর্বর শক্তি, যারা কোনো আন্তর্জাতিক আইন-কানুন মানে না এবং নিজেদের স্বার্থ রক্ষার জন্য মানবিক উদ্যোগকেও আক্রমণ করতে দ্বিধা করে না।
বিবৃতিতে তিনি জানান, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার একটি বৈশ্বিক উদ্যোগ। এতে ৪৪টি দেশের প্রায় ৫০০ মানুষ অংশ নিয়েছেন, যার মধ্যে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স ও বেলজিয়ামের নাগরিক ছাড়াও ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি, আইনজীবী, মানবাধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক রয়েছেন। বাংলাদেশের পক্ষ থেকে শহিদুল আলম এই উদ্যোগে অংশ নিয়েছেন। কিন্তু ইসরায়েল এই মানবিক উদ্যোগকে সশস্ত্রভাবে প্রতিহত করে ত্রাণ জব্দ করেছে। গাজী আতাউর রহমান বলেন, “এটি আসলে গোটা বিশ্বের সঙ্গে এক প্রকার যুদ্ধ ঘোষণা।”
তিনি আরও সতর্ক করেছেন, “ইসরায়েলকে এখনই প্রতিহত না করলে ভবিষ্যতে তারা ইউরোপের নাগরিকদেরও হুমকির মুখে ফেলবে। এখন ইউরোপীয় সরকারগুলোর পদক্ষেপই মূল পরীক্ষা—তারা নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে নাকি বর্বর ইসরায়েলের প্রতি নীরব থাকবে।”
বাংলাদেশ সরকারের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন, “আমাদের নাগরিক শহিদুল আলমের নিরাপত্তা রক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একইসঙ্গে বৈশ্বিক মানবিক উদ্যোগে ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে বাংলাদেশের কণ্ঠকে আরও উচ্চকিত করতে হবে।”
এদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে। এই কর্মসূচির মাধ্যমে তারা ইসরায়েলের আগ্রাসী আচরণের প্রতিবাদ জানাবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ