প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ১০:০৬ পিএম

ফাইল ছবি
ইসরাইলি বাহিনীর হামলার মুখে পড়া গাজামুখী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নিয়ে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনাটিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দিয়েছে তুরস্ক। পাশাপাশি স্পেন, ইতালি, জার্মানি, গ্রিসসহ বিভিন্ন দেশে শুরু হয়েছে বিক্ষোভ।
বাংলাদেশের জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী ফ্লোটিলার নিরাপদ যাত্রা কামনা করে দোয়া করেছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘প্রভু হে! একটি জলযান হলেও তুমি সৈকতে ভিড়তে দাও। অভুক্ত ভাই-বোনেরা অধীর আগ্রহে তাদের অপেক্ষা করছে।’
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজার উদ্দেশ্যে যাত্রা করা ত্রাণবাহী এই বহর বুধবার গভীর রাতে ইসরাইলি বাহিনীর বাধার সম্মুখীন হয়। ইসরাইলি নৌসেনারা কয়েকটি জাহাজ থামিয়ে তাতে উঠে সম্প্রচার বন্ধ করে দেয় এবং মানবাধিকার কর্মীদের আটক করে।
এ সময় বহরের একাধিক নৌযানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইসরাইলি জাহাজের নিকটে পৌঁছালে বারবার সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, কখনো কখনো কর্মীরাই মোবাইল ফোন ফেলে দেন যাতে আটক বা হয়রানি এড়ানো যায়।
এরই মধ্যে ফ্লোটিলার একটি জাহাজ গাজার জলসীমায় প্রবেশ করেছে। অন্তত ২৩টি ত্রাণবাহী নৌযান গাজার উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/শাহো