প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৬:৩৬ পিএম আপডেট: ০২.১০.২০২৫ ৬:৪০ PM

সংগৃহীত ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে অনুষ্ঠানের জোর দাবি জানাচ্ছি। অন্যথায় জনগণ রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলবে।
বৃহস্পতিবার (২রা অক্টোবর) বাড্ডা-রামপুরা জোন আয়োজিত রুকন সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তিনি।
তিনি বলেন, রুকনিয়াত কোনো পদ-পদবী নয়, এটি একটি মানের নাম। রুকনরা শপথের মাধ্যমে সমাজে শান্তি, রাষ্ট্রীয় ইনসাফ এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দ্বীনের সেবা নিশ্চিত করে। আমরা নিজেদের সমস্ত কিছু আল্লাহর রাহে এবং মানুষের কল্যাণে নিবেদিত করি।
সেলিম উদ্দিন জুলাই সনদ ‘২৪-এর প্রাসঙ্গিকতা উল্লেখ করে বলেন, জুলাই বিপ্লব আমাদের স্বৈরাচারি ও মাফিয়াতান্ত্রিক শাসন থেকে মুক্তি দিয়েছে। তাই এই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। দায়সারা প্রহসনের নির্বাচন জনগণ কখনোই মেনে নেবে না।
তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের সমালোচনা করে বলেন, স্বৈরাচার কর্তৃক ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার এবং গণহত্যাকারীদের বিচারের পর জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। কিন্তু সরকার অস্বচ্ছ প্রক্রিয়ায় বিশেষ গোষ্ঠীর হাতে ক্ষমতা তুলে দিতে চাচ্ছে। জনগণ গণদাবির মাধ্যমে নির্বাচন আদায় করবে।
মহানগরী আমির দুর্নীতি, চাঁদাবাজী ও লুটপাটমুক্ত সমাজ প্রতিষ্ঠার গুরুত্ব উল্লেখ করে বলেন, “জামায়াতকে ভোট দিলে আমরা এমন এক ইনসাফপূর্ণ সমাজ গড়ে তুলব, যেখানে কেউ অপরাধ করার সাহস পাবে না। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলের অধিকার নিশ্চিত হবে।”
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আতিকুর রহমান। সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা।
স্বদেশ প্রতিদিন/শাহো