প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ২:১৭ পিএম

সংগৃহীত ছবি
পটুয়াখালীর দুমকিতে চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের উপস্থিতিতে সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ারের বিরুদ্ধে।
গতকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) এই ঘটনা ঘটে।
ঘটনা ও জিডি সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরবয়েড়া এলাকায় জলিল সিকদারের মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে সাংবাদিক দেলোয়ার হোসেনের সঙ্গে দৈনিক আমার দেশ প্রতিনিধি মো. কামাল হোসেন এবং দৈনিক কালবেলা প্রতিনিধি রাজিবুল ইসলাম ঘটনাস্থলে যান। এসময় বহিষ্কৃত ছাত্রদল নেতা গোলাম সরোয়ার তার সহযোগীদের নিয়ে আটক চোরকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে। সাংবাদিকরা ঘটনাটি জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং দেখে নেয়ার হুমকি দেন।
আরো জানা যায়, ঘটনার পর রাতেই সাংবাদিক দেলোয়ার হোসেন দুমকি থানায় গিয়ে গোলাম সরোয়ারের বিরুদ্ধে একটি জিডি করেন। স্থানীয় সাংবাদিকরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এদিকে বহিষ্কৃত ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সারোয়ার প্রেসক্লাব দুমকির সভাপতি দেলোয়ার হোসেনকে হুমকি-ধামকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।
উপজেলা ছাত্রদলের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক বলেন, “এমন কোনো ঘটনা ঘটেনি। ওখানে আরো মানুষ ছিলো আপনারা তাদের কাছে জিজ্ঞেস করেন।”
দুমকি থানা অফিস ইনচার্জ (ওসি) বলেন, “আমরা সাধারণ ডায়েরি পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।”