প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০৮ AM

সংগৃহীত ছবি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে কোনো ধরনের সংশয় আর নেই। উই আর কনভিন্সড যে ২৬ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য যথেষ্ট স্পষ্ট ও শক্তিশালী ছিল। গত কয়েকদিন ধরে তিনি এ বিষয়ে যে অবস্থান প্রকাশ করছেন, তাতে অন্তত আমাদের কোনো সংশয় নেই। রাজনৈতিক দলগুলোরও এ বিষয়ে কোনো দ্বিধা নেই।”
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।
এদিকে, জামায়াতে ইসলামীও ফেব্রুয়ারিতে সম্ভাব্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাব্য একটি তারিখ ঘোষণা করা হয়েছে। আমরা সবাই এর সঙ্গে একমত। আমরাও সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি।”
তিনি আরও বলেন, “এর আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন, জুলাই সনদ। এ বিষয়ে আমরা একমত হলেও বাস্তবায়ন ছাড়া একমতের কোনো অর্থ হয় না।”
তাহের বলেন, “প্রধান উপদেষ্টা জাতিসংঘে যে বক্তব্য দিয়েছেন, নির্বাচনের বিষয়ে সেটির সঙ্গে দ্বিমত করার কোনো কারণ আমরা দেখছি না। যদিও তিনি বিস্তারিত কিছু বলেননি।”
এ সময় জামায়াত নেতা নকিবুর রহমান তারেকও উপস্থিত ছিলেন।