প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৩ AM

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে ইউরোপের বেশিরভাগ আকাশসীমা এড়িয়ে গেছেন। ধারণা করা হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা কার্যকর হওয়ার ঝুঁকির কারণে এ অস্বাভাবিক রুট বেছে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ভোরে স্ত্রীকে নিয়ে তেল আবিবের বেন-গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেন তিনি। তার সরকারি বিমান উইংস অফ জায়ন গ্রীস ও ইতালির দক্ষিণ প্রান্ত ঘুরে ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে জিব্রাল্টার প্রণালী হয়ে উড়ে যায়। এতে প্রায় ৬০০ কিলোমিটার বাড়তি পথ অতিক্রম করতে হয়। সাধারণত ইসরাইল থেকে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটগুলো ফ্রান্স হয়ে মধ্য ইউরোপের ওপর দিয়ে ছোট রুটে যাতায়াত করে।
আইসিসি ২০২৪ সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। যদিও ইসরাইল এই অভিযোগ অস্বীকার করেছে। ইতিমধ্যে আয়ারল্যান্ডসহ কয়েকটি ইউরোপীয় দেশ জানিয়েছে, তারা আইসিসির নির্দেশ বাস্তবায়ন করবে। স্পেনও তদন্তে সহযোগিতা করার ঘোষণা দিয়েছে। তবে ফ্রান্স স্পষ্ট করেছে, তারা নেতানিয়াহুকে গ্রেফতার করবে না।
অস্বাভাবিক রুট ব্যবহারের কোনো সরকারি ব্যাখ্যা না দিলেও টাইমস অব ইসরাইল জানায়, ফরাসি কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে—ইসরাইল ফরাসি আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়েছিল এবং তা দেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত ইসরাইলি প্রতিনিধিদল সেটি ব্যবহার না করার সিদ্ধান্ত নেয়।
স্বদেশ প্রতিদিন/ আরএফ