প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২২ পিএম আপডেট: ২৫.০৯.২০২৫ ৭:২৬ PM

জাতিসংঘে স্বাস্থ্যসেবা বিষয়ক একটি অনুষ্ঠানে অংশ নেওয়া ও একা উপস্থিত থাকার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা। তবে তিনি জানিয়েছেন, এটি কোনো সরকারি প্রোগ্রাম ছিল না, বরং ব্যক্তিগত আমন্ত্রণে অংশ নিয়েছিলেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি বলেন, ‘গতকাল একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে শুধু তাকে দেখা গেছে। এ নিয়ে প্রশ্ন উঠেছে, অন্য রাজনৈতিক নেতারা কেন সেখানে ছিলেন না এবং সরকারি প্রোগ্রামে একা কেন ছিলেন তিনি।’
ডা. তাসনিম জারা স্পষ্ট করেন, ‘সরকার আমাদের তিনটি অফিশিয়াল প্রোগ্রামের সময়সূচি দিয়েছিল। সেই সময়ে অবসরকালীন সময়ে আমি বিভিন্ন সাইড ইভেন্টে অংশগ্রহণের চেষ্টা করি যাতে সময়কে কার্যকরভাবে কাজে লাগানো যায়।’
তিনি বলেন, ‘এক সহকর্মী জানালেন, মেডট্রনিক ল্যাবস ও ব্র্যাক যৌথভাবে বাংলাদেশের প্রাইমারি হেলথ কেয়ার নিয়ে একটি আলোচনা আয়োজন করেছে। অবসর সময়ের মধ্যে হওয়ায় আমন্ত্রণ গ্রহণ করেছি। সরকার থেকে আমাকে সেখানে পাঠানো হয়নি।’
এছাড়া, তিনি জানান যে রাজনৈতিক ক্যারিয়ার শুরুর আগেও তিনি মেডট্রনিক ল্যাবস ও ব্র্যাকের সঙ্গে কাজ করেছেন এবং ওই প্রজেক্টের সঙ্গে তার পূর্বপরিচয় রয়েছে।
ডা. তাসনিম জারা আরও বলেন, ‘কিছু গণমাধ্যমে বলা হয়েছে আমি প্রাইমারি হেলথ কেয়ারে ব্লুপ্রিন্ট দিয়েছি, যা সঠিক নয়। আমি শুধুমাত্র মেডিক্যাল ডিভাইস, প্রযুক্তি ও ইনোভেশন নিয়ে মতামত দিয়েছি।’
তিনি যোগ করেন, ‘এটি একমাত্র অনুষ্ঠান নয় যেখানে আমন্ত্রণ নিয়ে অংশ নিয়েছি; অন্যান্য নেতারাও অবসর সময়ে নানা কার্যক্রমে অংশগ্রহণ করেন।’
স্বদেশ প্রতিদিন/এমএম