প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২৮ AM আপডেট: ২৪.০৯.২০২৫ ৯:৩৬ এএম

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের প্রস্তুতি এবং দেশের সাম্প্রতিক চ্যালেঞ্জগুলো সম্পর্কে বিশ্ববাসীকে অবহিত করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, নির্বাচনের প্রস্তুতি, দেশের অগ্রগতি ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে ড. ইউনূসের বক্তব্যে বিস্তারিত আলোচনা হবে।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার গত ১৪ মাসে দেশের জন্য অনেক কাজ করেছে। পাশাপাশি দেশের সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করা হয়েছে। আমাদের নির্বাচনের প্রস্তুতি অত্যন্ত পাকা। ফেব্রুয়ারি মাসে আমরা একটি প্রতিষ্ঠিত, স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন দেখতে যাচ্ছি।’
একই সময়ে, গতকাল বিমানবন্দরে ঘটে যাওয়া একটি ঘটনায় বাংলাদেশ দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করেছে বলে জানান তিনি। ‘ঘটনাটি নিয়ে আমাদের পক্ষ থেকে স্পষ্ট অবস্থান নেওয়া হয়েছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে,’ যোগ করেন শফিকুল আলম।
আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগ কী করতে পারে সেটা আমরা জুলাই-আগস্টে দেখেছি। তারা গুম, খুন, লাখ লাখ মানুষকে ফেক কেস দিতে পারে। এমন কোনো অপকর্ম নাই, যেটা তারা করতে পারে না। এখন ফলাফলে দেখেন, তারা কোথায় গিয়ে ঠেকেছে। রাস্তার ছ্যাচরাদের মতো তাদের অবস্থান। যারা একটা ছোট বাচ্চাকেও ছাড়েনি, তারা কি করতে পারে সেটি আমরা জানি।’
অবশেষে শফিকুল আলম বলেন, ‘বিশ্বের অনেক বড় নেতারা আমাদের নির্বাচন প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা আশা করছি, এই নির্বাচন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও প্রশংসিত হবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম