প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২২ AM

সংগৃহীত ছবি
ফের দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। এই দাম অতীতের সব রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড করেছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে একদিনের ব্যবধানে আবারো বেড়েছে এই ধাতুর দাম। একই সঙ্গে রূপার দামও বাড়ানো হয়েছে।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। গতকাল মঙ্গলবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৩ হাজার ৬৬৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা হয়েছে।
এর আগে ২৩ বার স্বর্ণে দাম বাড়ানো হয়। এতে অতীতের সব রেকর্ড ভেঙে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয় ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা। এই রেকর্ড দামের ২৪ ঘণ্টার ব্যবধানে আবার স্বর্ণের দাম বাড়ানো হলো। এটিই ছিল দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম।
নতুন দাম অনুযায়ী স্বর্ণের দামঃ
সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৬৬৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের ৩ হাজার ৫১১ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৬ হাজার ৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের ২ হাজার ৯৯৮ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৫৯ হাজার ৪২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৫৫৪ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৩৫১ টাকা।
নতুন দাম অনুযায়ী রুপার দামঃ
২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৫২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬২৮ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৪০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৯৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২২৮ টাকা।
এর আগে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৭৬ টাকা।
এদিকে ২৪ ঘণ্টার ব্যবধানে আবার স্বর্ণের দাম বাড়ানো নিয়ে বেশ আলোচনা-সমালোচনা লক্ষ্য করা গিয়েছে নেটিজেনদের মাঝে।