প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৪ AM

‘ঐক্যবদ্ধ বলেই আমরা সমৃদ্ধ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা ও ত্রাণ বিতরণ করেছে স্থানীয় সামাজিক সংগঠন আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড।
রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামে পাহাড়ি ঢলে নিহত ইসমাইল হোসেনের পরিবারের পাশে দাঁড়ায় সংগঠনটি। নিহতের পিতা আব্দুল্লাহর হাতে নগদ ১০ হাজার টাকার সহায়তা তুলে দেন সংগঠনের নেতারা।
পরে সন্ধ্যায় ঝিনাইগাতী উপজেলা সদরের ব্রিজের পূর্ব পাশে অবস্থিত রেজিয়া হোসেন বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে আশ্রয় নেওয়া পাহাড়ি ঢলে গৃহহীন ১২ পরিবারের মাঝে প্রতি পরিবারকে এক বস্তা করে চাল প্রদান করা হয়।
আর্থিক সহায়তা ও ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড-এর উপদেষ্টা এবং উপজেলা পরিষদের সাবেক তিনবারের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা।
তিনি বলেন, “পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর কষ্ট আমরা হৃদয়ে অনুভব করি। এই সামান্য সহযোগিতা আমাদের পক্ষ থেকে সহমর্মিতার প্রতীক। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই, তারা নতুন করে ঘুরে দাঁড়াক।”
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান আলহাজ্ব মো. সালেহ আহমেদ, ভাইস চেয়ারম্যান মো. জাফর ইকবাল, সেক্রেটারি মো. আজাদ মিয়া, ডিরেক্টর মো. শাহীন আলম, মো. রতন খান, আলমগীর হোসেন, এবং ম্যানেজার শাজাহান সিরাজ প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/কেআইকে