প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০১ পিএম

আসন্ন দুর্গাপূজার আগেই ধর্মীয় সৌজন্যবোধ ও অনুরোধের কারণে বাংলাদেশ সরকার ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে। এই সুযোগে শর্তসাপেক্ষে ৩৭টি প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানি করতে অনুমতি দেওয়া হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রপ্তানি কার্যক্রম ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলবে।
রপ্তানির ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। রপ্তানিকারকরা রপ্তানি নীতি ২০২৪-২৭ অনুযায়ী কাজ করবেন। শুল্ক কর্তৃপক্ষ প্রত্যেক চালান পরীক্ষা-নিরীক্ষা করবে এবং অনুমোদিত পরিমাণের অতিরিক্ত মাছ রপ্তানি করা যাবে না।
অনুমোদিত প্রতিষ্ঠানগুলো কোনোভাবেই অনুমতি হস্তান্তর করতে পারবে না বা সাব কন্ট্রাক্টের মাধ্যমে রপ্তানি করতে পারবে না। সরকার প্রয়োজনে এই অনুমতি বাতিলের ক্ষমতা রাখে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, এই অনুমোদন কোনো চাপের কারণে নয়; এটি ধর্মীয় সৌজন্যবোধ ও অনুরোধের ভিত্তিতে দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বছরের তুলনায় এবার অনুমোদিত পরিমাণ অর্ধেকের কম।
স্বদেশ প্রতিদিন/ আরএফ