প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১১ AM

প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁও বিসিক শিল্পাঞ্চলে গ্যাসলাইনে বিস্ফোরণের ঘটনায় বাবা-মায়ের পর এবার মারা গেলেন তাদের মেয়ে মুন্নি চৌধুরী (১৪)।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, মুন্নির শরীরের ২৮ শতাংশ পুড়ে গিয়েছিল। এর আগে গত শনিবার ও রোববার একই ঘটনায় তার বাবা মানব চৌধুরী ও মা বাচা চৌধুরী মারা যান।
সুনামগঞ্জের সুলা থানার বলরামপুর গ্রামের বাসিন্দা মানব-বাচা দম্পতি পরিবারসহ কাঁচপুর বিসিক শিল্পাঞ্চলের তিন নম্বর গলির একটি বাড়িতে ভাড়া থাকতেন।
গত ৪ সেপ্টেম্বর ভোরে ওই বাসায় গ্যাসলাইন বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। মানব ও বাচা চৌধুরীর তিন মেয়ে মুন্নি (১৪), তিন্নি (১২) ও মৌরি (৬) দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। বর্তমানে মুন্নির দুই বোন তিন্নি ও মৌরি বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।
স্বদেশ প্রতিদিন/শাহো