
সংগৃহীত ছবি
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকারের গত ১৭ বছরে আলেম-ওলামাদের ওপর ব্যাপক নির্যাতন চালানো হয়েছে। শুধু আলেম-ওলামা নন, দাড়ি রাখা কিংবা টুপি পরা সাধারণ মানুষও এর শিকার হয়েছেন। তিনি বলেন, আলেমরা অনেকেই নিজেদের বাড়িতে নিরাপদে থাকতে পারেননি। পুলিশ বাড়িতে গিয়ে আলেমদের না পেলে তাদের পরিবারকে অকথ্য ভাষায় গালাগাল করেছে এবং অনেক পরিবারকে মিথ্যা মামলায় জড়িয়েও হয়রানি করেছে।
গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলা সদরে স্থানীয় ওলামা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব অভিযোগ করেন তিনি।
শামা ওবায়েদ বলেন, “আওয়ামী লীগ একসময় বড় দল ছিল। তাদের অসংখ্য নেতাকর্মী ছিল। কিন্তু শেখ হাসিনা যে এভাবে পালিয়ে যাবেন, সেটা তার নেতাকর্মীরাও কল্পনা করেনি।”
তিনি আরও বলেন, “আমরা দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সমানভাবে শ্রদ্ধা করি এবং ভাই-বোন মনে করি। আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করতে হবে।”
ষড়যন্ত্রের প্রসঙ্গে তিনি বলেন, “রাজনীতিতে ষড়যন্ত্র থাকবেই। আমরা ১৭ বছর ক্ষমতায় নেই, তারপরও মানুষের পাশে থেকেছি। বিএনপি সবসময় নীতি ও আদর্শে বিশ্বাস করে। জনগণ যদি ভোটের মাধ্যমে আমাদের নির্বাচিত করে, তবে আমরা মানবিক বাংলাদেশ ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করব।”
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের এমপিরা বিনা ভোটে সংসদ সদস্য হয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি ও লুটপাট করেছে। “যারা ২০০৮ সালে নৌকায় ভোট দিয়েছিল, তারাও আজ আফসোস করে। কারণ দুর্নীতির ভাগ পেয়েছে কেবল প্রধানমন্ত্রীর পরিবার ও তার ঘনিষ্ঠরা,” যোগ করেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে শামা ওবায়েদ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে খালেদা জিয়া নারী হয়েও স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে টানা ৯ বছর আন্দোলন করেছিলেন। তিনি আপসহীন নেত্রী হিসেবে ১৯৯১ সালে উপমহাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এ দেশে যখনই গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ব্যাহত হয়েছে, তখনই খালেদা জিয়া জনগণের পাশে দাঁড়িয়েছেন।”
অনুষ্ঠানে ফরিদপুর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. দেলোয়ার হোসেন জিল্লুর সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় ওলামা দলের দপ্তর সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ্, জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা মো. সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, সহসভাপতি শাহিন মাতুব্বর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, বিএনপি নেতা রাসেদ মাতুব্বর ও ওলামা দল নেতা মাওলানা নিজাম উদ্দীন প্রমুখ।