প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১:৫৪ AM আপডেট: ১২.০৯.২০২৫ ২:০৪ এএম

নির্বাচন কমিশন (ইসি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের ৪৯ জেলা ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাকে বদলি করেছে। পাশাপাশি আলাদা এক প্রজ্ঞাপনে সাত অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও এক অফিস আদেশে পাঁচ কর্মকর্তার দপ্তরও বদলানো হয়েছে।
এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। অন্যথায় সেই দিন অবমুক্ত বলে গণ্য হবে।
ইসি জানিয়েছে, রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদারকে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব করা হয়েছে। ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনকে সিলেট অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে, এবং উপসচিব মো. মাহবুব আলম শাহকে ফরিদপুরের আঞ্চলিক কর্মকর্তা করা হয়েছে। রাজশাহী আঞ্চলিক কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনকে রংপুরের আঞ্চলিক কর্মকর্তা করা হয়েছে। একইভাবে, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসন শাখার পরিচালক মো. আতিয়ার রহমানকে বদলি করে একই প্রতিষ্ঠানে পুনরায় প্রশিক্ষণ শাখার পরিচালক করা হয়েছে। উপসচিব মো. আনিছুর রহমানকে রাজশাহীর আঞ্চলিক কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে এবং সিলেট অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমকে প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসন শাখার পরিচালক করা হয়েছে।
অন্য এক অফিস আদেশে নির্বাচন কমিশন সচিবালয়ের সাধারণ সেবা-১ শাখার উপসচিব জি. এম. সাহাতাব উদ্দিনকে মানব সম্পদ উন্নয়ন কল্যান শাখার দায়িত্ব দেওয়া হয়েছে। উপসচিব মো. রফিকুল ইসলামকে সাধারণ সেবা-১ শাখায়, বাজেট শাখার উপসচিব হুমায়ুন কবিরকে নির্বাচনী সহায়তা ও সরবরাহ শাখায়, মানব সম্পদ উন্নয়ন কল্যান শাখার উপসচিব এম. মাজহারুল ইসলামকে বাজেট শাখায় এবং উপসচিব এনামুল হককে সাধারণ সেবা-২ শাখার দায়িত্ব দেওয়া হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ