প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৩ পিএম

সংগৃহীত ছবি
‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার মাধ্যমে অনেক গুণী শিল্পী তৈরি হয়েছেন। গুণী শিল্পী তৈরিতে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার ভূমিকা রয়েছে। ‘নতুন কুঁড়ি’র মঞ্চ থেকে ভবিষ্যতেও অনেক গুণী শিল্পী তৈরি হবে বলে আশাপ্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
রবিবার (৭ সেপ্টেম্বর) ঢাকার তথ্য ভবনে ডিএফপির সভাকক্ষে বাংলাদেশ টেলিভিশনের ‘নতুন কুঁড়ি-২০২৫’ প্রতিযোগিতা উপলক্ষে দিনব্যাপী কর্মশালায় তিনি এ কথা বলেন।
মাহবুবা ফারজানা বলেন, শিশু-কিশোরদের মেধা অন্বেষণের বড়ো প্ল্যাটফর্ম হচ্ছে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাকে স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করতে মন্ত্রণালয় ও বিটিভি কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতাকে সফল করতে মন্ত্রণালয় ও বিটিভির কর্মকর্তারা নিরলসভাবে কাজ করছেন।
‘নতুন কুুঁড়ি’ প্রতিযোগিতা সুষ্ঠুভাবে আয়োজনে কর্মশালায় আগত অতিরিক্ত জেলা প্রশাসকদের সহযোগিতা কামনা করেন তিনি।
কর্মশালার উদ্দেশ্য প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার সচিব বলেন, এই কর্মশালায় ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা সফলভাবে বাস্তবায়নের জন্য কর্মপরিকল্পনা তৈরি করা হবে।
কর্মশালায় বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম বলেন, ‘নতুন কুঁড়ি’ শিশু-কিশোরদের জন্য অনন্য অনুষ্ঠান। দীর্ঘ দুই দশক পর এই প্রতিযোগিতার কার্যক্রম শুরু হওয়ায় সাংস্কৃতিক অঙ্গনে এক ধরনের প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে এই প্রতিযোগিতা কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাপ্রকাশ করেন।
এসময় আরো বক্তব্য রাখেন বিটিভির উপ-মহাপরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ রোকন উদ্দিন। এছাড়া আরো উপস্থিত ছিলেন,‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং অতিরিক্ত জেলা প্রশাসকরা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/শাহো