
সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) সারোয়ার আলমকে নিয়ে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে তিনি সারোয়ার আলমের কর্মনিষ্ঠা, সততা ও সাহসিকতার প্রশংসা করেন।
আসিফ নজরুল লেখেন, র্যাবের ম্যাজিস্ট্রেট হিসেবে অভিযান চালিয়ে সারা দেশে প্রশংসা কুড়িয়েছিলেন সারোয়ার। কিন্তু এতে ক্ষুব্ধ হয়ে ওঠে শক্তিশালী দুর্নীতিবাজ চক্র। তার প্রমোশন আটকে দেওয়া হয়, বদলি করা হয় গুরুত্বহীন পদে—প্রবাসী মন্ত্রণালয়ে। মনমরা হয়ে থাকতেন সারোয়ার, তবে সংকটময় পরিস্থিতিতে তার সততা ও আন্তরিকতাই ভরসা হয়ে উঠেছিল প্রবাসী কর্মীদের জন্য।
তিনি জানান, কভিডের শেষদিকে প্রবাসী কর্মীরা ভ্যাকসিনের দাবিতে মন্ত্রণালয় ঘেরাও করলে সচিব-মন্ত্রী কেউ তাদের শান্ত করতে পারেননি। অবশেষে সারোয়ার আলমকে ডাকা হলে কর্মীরা তার কথায় আস্থা রেখে অবরোধ প্রত্যাহার করেন। সেই ঘটনার কথা বলতে গিয়ে সারোয়ার আলম নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন বলে উল্লেখ করেন আসিফ নজরুল।
আইন উপদেষ্টা আরও লেখেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব নেওয়ার পর প্রথম বৈঠকেই সারোয়ারের কর্মস্পৃহা তাকে মুগ্ধ করেছিল। সেখান থেকেই তিনি সারোয়ারকে নিজের পিএস বানানোর সিদ্ধান্ত নেন। এরপর একসঙ্গে কাজ করতে গিয়ে বুঝতে পারেন সারোয়ারের কর্মনিষ্ঠা ও আন্তরিকতা কতটা গভীর।
তিনি বলেন, সরকারি কর্মকর্তারা সাধারণত যান্ত্রিকভাবে কাজ করেন। তবে সারোয়ার আলম ছিলেন ব্যতিক্রম। তার সহায়তা ও পরামর্শে প্রবাসী কর্মীদের ছাড়পত্র ডিজিটালাইজেশন, মালয়েশিয়ায় শ্রমিকদের জন্য মাল্টিপল ভিসা, জাপান ও কোরিয়ার শ্রমবাজার উন্মুক্তকরণ এবং প্রবাসী লাউঞ্জ স্থাপনসহ একাধিক বড় সংস্কারমূলক পদক্ষেপ বাস্তবায়ন সম্ভব হয়েছিল।
আসিফ নজরুল লিখেছেন, সিলেটে সাদাপাথর বিতর্কের পর তড়িঘড়ি করে সারোয়ার আলমকে সেখানে ডিসি হিসেবে নিয়োগ করা হয়। এ নিয়ে সিলেটের মানুষ যেমন আনন্দিত হয়েছিল, তিনিও বিস্মিত হয়েছিলেন। তবে সারোয়ারকে নিয়ে একটি আক্ষেপ রয়ে গেছে।
তিনি বলেন, আমার বিরুদ্ধে নানা আজগুবি প্রচারণা হয়েছে—এটা অস্বাভাবিক নয়। কিন্তু রাজনীতির ধারেকাছে না থাকা, আপাদমস্তক পেশাদার মানুষ সারোয়ার আলমের বিরুদ্ধেও মিথ্যা প্রচেষ্টা চালানো হয়েছিল। এর পুরো প্রতিকার আমি করতে পারিনি—এই কষ্ট রয়ে গেছে।
শেষে তিনি লেখেন, সারোয়ার, আপনাকে মিস করি। দোয়া করি, জুনিয়র অফিসাররা আপনার মতো হতে শিখুক। শুধু সিলেট নয়, সারা দেশের মানুষ আপনার সততা, সাহস ও কর্মনিষ্ঠার জন্য আপনাকে ভালোবাসে। আমাদের আশাবাদী থাকার এটাও একটি কারণ।
স্বদেশ প্রতিদিন/ আরএফ