প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৪ পিএম

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে জনগণের বহুল প্রতীক্ষিত জরুরি বিভাগে সার্বক্ষণিক চিকিৎসাসেবা শুরু হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল হতে জরুরি বিভাগে সার্বক্ষণিক চিকিৎসাসেবা শুরু হয়েছে। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুছের নির্দেশনায় এ চিকিৎসাসেবা শুরু হয়েছে।
হাসপাতালের সকল চিকিৎসক, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, কনসালটেন্ট, আরপি-আরএস, সহকারী সার্জন, নার্সিং সুপারভাইজার, বিভিন্ন বিভাগের ইনচার্জ এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও আউটসোর্সিং সুপারভাইজারদের অবগতির জন্য হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুছ স্বাক্ষরিত জরুরী বিজ্ঞপ্তিতে জরুরী বিভাগে সার্বক্ষণিক চিকিৎসা সেবার নির্দেশনার কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সপ্তাহে সাত দিন জরুরি বিভাগে সকল প্রকার রোগীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা দেয়া হবে। জরুরী বিভাগের সার্বক্ষণিক চিকিৎসাসেবা শুরু হওয়ায় জেলাবাসীর মাঝে স্বস্তি বিরাজ করছে।
চিকিৎসা সেবা পাওয়া রোগী ও স্বজনরা জানান, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালটি কয়েক বছর আগে চালু হলেও এখানে জরুরি বিভাগে চিকিৎসা পাওয়া যেত না।
এ বিষয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল কদ্দুস বলেন, “আমাদের চিকিৎসক সংকটসহ জনবল সংকট রয়েছে। তারপরেও জনস্বার্থে জরুরি বিভাগে সার্বক্ষণিক চিকিৎসা সেবা প্রদান করার চেষ্টা চলছে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে