প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৬:১৩ পিএম

টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের চর পৌলী বাজারে শনিবার (৩০ আগস্ট) বিকেলে জনসভা ও নদীভাঙন এলাকা পরিদর্শন করেছেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। সভা ও পরিদর্শন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়।
সভায় ফরহাদ ইকবাল বলেন, “আমি এমপি হলে সবার আগে চরবাসীর পাশে থাকব। আপনাদের সমস্যা সমাধানে কাজ করব। আমি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করি এবং বাস্তবায়নযোগ্য উন্নয়নমূলক কাজই আমার লক্ষ্য।”
কাকুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য শাহাদত হোসেন শাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম ঝলক, জেলা কৃষকদলের সদস্য সচিব শামীমুর রহমান খান শামীম, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল ও জেলা তাঁতীদলের সাবেক সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব।
সভা শেষে ফরহাদ ইকবাল স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে যমুনা নদীর ভাঙন এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় মানুষের খোঁজখবর নেন। এ জনসভা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়ন ও প্রচারের অংশ হিসেবে আয়োজন করা হয়।
স্বদেশ প্রতিদিন/ আরএফ