প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৫:১৯ পিএম আপডেট: ০১.০৯.২০২৫ ১:২৯ এএম

বাঁশখালীতে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি সীমান্তের আঞ্চলিক সড়কের পাশের পরিত্যক্ত জায়গা থেকে একটি একনলা বন্দুক, একটি এলজি ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বাঁশখালী থানা পুলিশ।
আজ শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পূর্ব পুইঁছড়ি ৪নং ওয়ার্ডের আঞ্চলিক সড়কস্থ আলমের ভরাটকৃত জায়গা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
পুলিশ জানায়, পুঁইছড়ি সীমান্ত এলাকায় পুলিশের নিয়মিত তল্লাশি চৌকির পাশে পরিত্যক্ত জায়গায় সন্দেহজনক একটি কালো পলিথিনের ব্যাগ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে এসআই জামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ও স্থানীয়দের সহায়তায় একটি একনলা বন্দুক, একটি এলজি এবং পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, কক্সবাজার জেলা থেকে অস্ত্র ব্যবসায়ীরা অস্ত্রগুলো সংগ্রহ করে চট্টগ্রামের পৌঁছানোর উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে পুঁইছড়ি এলাকায় পুলিশের নিয়মিত তল্লাশি চৌকি দেখে গ্রেপ্তার হওয়ার ভয়ে গাড়ি থেকে অস্ত্রগুলো ছুড়ে ফেলে দেয়।
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, পুঁইছড়িস্থ আঞ্চলিক সড়কের পাশের পরিত্যক্ত জায়গা থেকে একটি একনলা বন্দুক, একটি এলজি এবং পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। ধারণা করছি পুলিশের তল্লাশি চৌকিতে আটক হওয়ার আশঙ্কায় গাড়ি থেকে অস্ত্রগুলো ফেলে দেওয়া হয়।