প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২:০৬ AM

সংগৃহীত ছবি
ধার পরিশোধ না করায় পদাবনতি হয়েছে পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক বিশেষ পুলিশ সুপার নিহার রঞ্জন হাওলাদারের। শাস্তির অংশ হিসেবে তাকে অতিরিক্ত এসপি করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনির সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০২০ ও ২০২১ সালে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকাকালে ব্যক্তিগত প্রয়োজনে আবু বাক্কার সিদ্দিকের কাছ থেকে ১২ লাখ ৯৯ হাজার টাকা ধার নেন নিহার রঞ্জন হাওলাদার। এরপর ১৪ দফায় (২০২২ সালের ১৫ সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের ৭ এপ্রিল পর্যন্ত) ৬ লাখ ১৫ হাজার ২০০ টাকা ফেরত দেন তিনি। বাকি ৬ লাখ ৮৩ হাজার ৮০০ পরিশোধ করেননি। এ জন্য তার নামে বিভাগীয় মামলা হয়। একই সঙ্গে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।
এরপর ব্যক্তিগত শুনানির আবেদন করেন নিহার রঞ্জন হাওলাদার। শুনানিতে টাকা লেনদেনের বিষয়টি স্বীকার করেন তিনি।