প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৫:৪২ পিএম

পাবনায় ২০২০ সালের ৩১ মে ঘটে যাওয়া আলোচিত ট্রিপল মার্ডারের মামলায় আদালত ফায়ার সার্ভিস মসজিদের পেশ ইমাম তানভীর হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন।
একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি চুরির অভিযোগে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। রায় ঘোষণা করেন পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো: তানভীর আহমেদ।
মামলার সূত্রে জানা গেছে, নিহত অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল জব্বার, তার স্ত্রী ছুম্মা খাতুন এবং পালিত কন্যা সানজিদা ওরফে জয়া দিলালপুর এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। তাদের সঙ্গে পরিচয় হয় তানভীর হোসেনের, যিনি পাশেই চাউলের ব্যবসা করতেন। তানভীর পরিবারটির সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলে এবং নানা কাজে তাদের সহযোগিতা করতেন।
কিন্তু ২০২০ সালের ৩১ মে গভীর রাতে, টাকা-পয়সা ও স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে তানভীর ধারালো অস্ত্রের মাধ্যমে পরিবারটির সদস্যদের নৃশংসভাবে হত্যা করে। পরে চুরি করা মূল্যবান জিনিসপত্র নিয়ে সে পালিয়ে যায়।
পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় নওগাঁ থেকে তানভীরকে আটক করে এবং আদালতে প্রমাণ উপস্থাপনের পর বিচারক রায় ঘোষণা করেন। পাবনার পিপি এডভোকেট গোলাম সরোয়ার খান জুয়েল রায়ের বিষয়টি স্বদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ