অস্ত্র উদ্ধারে মিলবে লাখ টাকা পুরস্কার, গোপন থাকবে তথ্যদাতার পরিচয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১:১১ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার করতে পারলে পুরস্কার প্রদানের সিদ্ধান্ত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় তিনি একথা বলেন।
তিনি জানান, পিস্তল ও শটগান উদ্ধার করলে ৫০ হাজার টাকা, চায়না রাইফেল উদ্ধার করলে ১ লাখ, এসএমজি দেড় লাখ, এলএমজি ৫ লাখ ও প্রতি গুলির ক্ষেত্রে ৫০০ টাকা পুরস্কার দেয়া হবে। তথ্যদাতাদের পরিচয় গোপন করা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োগ বাণিজ্য বন্ধে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। কোথাও অনিয়ম দেখলে জানাবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর অনেক আত্মীয় স্বজন গজিয়েছে। এরকম কেউ পরিচয় দিলে জানাতে হবে রিপোর্ট করতে হবে।’
একজন পুলিশ সদস্য ভারতে আটক হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘তাকে ইন্টারপোলের মাধ্যমে যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনা হবে। বিজিবি-বিএসএফের মধ্যেও আসামি বিনিময়ের একটা চুক্তি আছে এর মাধ্যমেও আনার চেষ্টা করা হবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম