প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৪:০২ AM

মধ্য ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের টুকরো পড়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, আকাশেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে। খবর তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদুলুর।
শনিবার (২৩ আগস্ট) ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ক্ষেপণাস্ত্র ছোড়ার সঙ্গে সঙ্গে মধ্যাঞ্চলে বিমান হামলার সতর্কতা সাইরেন বাজানো হয়। এ সময় লোকজন আশ্রয়কেন্দ্রে দৌড়াতে গেলে কয়েকজন সামান্য আহত হন বলে জানিয়েছে জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম (এমডিএ)।
ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি হামলার দায় স্বীকার করে বলেন, ‘তেল আবিবের দিকে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন নিক্ষেপ করা হয়েছে। তার দাবি, ক্ষেপণাস্ত্রটি ইসরায়েল আটকাতে পারেনি এবং উভয় ড্রোনই নির্ধারিত লক্ষ্যে আঘাত হেনেছে।’
এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, আকাশসীমার দিকে আসা একটি ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে। ড্রোন প্রতিরোধের সময় গাজার আশপাশের এলাকাগুলোতেও সাইরেন বাজানো হয়।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা-ইসরায়েল সংঘাতের পর ইয়েমেন থেকে একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। তারা বলছে, ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে এই হামলা চালানো হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এমএম