প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৭:৫১ পিএম

সাতক্ষীরা সদর উপজেলার বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুর রহমানকে বিদ্যালয় থেকে টেনে-হিঁচড়ে বের করে দেওয়ার ঘটনায় বিএনপির স্থানীয় নেতা ইসলাম কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৮ আগস্ট) রাতে বল্লী এলাকা থেকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইসলাম কবিরাজকে আটক করা হয়। এর আগে দুপুরে বিদ্যালয়ের ফটকে মানববন্ধন ও বিক্ষোভ করেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা ঘটনায় জড়িত বিএনপি ও ছাত্রদল নেতাদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানান এবং ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন।
ভুক্তভোগী শিক্ষক শফিকুর রহমান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, “শিক্ষকের দেওয়া মামলায় সোমবার রাতে বল্লী ইউনিয়নে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের ধরতে অভিযান চলছে।”
প্রসঙ্গত, গত শনিবার (১৬ আগস্ট) সকালে ক্লাস শেষে বিদ্যালয়ের দ্বিতীয় তলায় এক ছাত্রীকে নিয়ে অবস্থান করেন শিক্ষক শফিকুর রহমান—এমন অভিযোগ ওঠে। পরদিন রোববার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম, বিএনপির সভাপতি, ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ কয়েকজন বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেন। এ সময় কথাকাটাকাটির এক পর্যায়ে সাবেক ছাত্রদল সভাপতি কামরুজ্জামান সবুজ, ইউপি সদস্যসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা শিক্ষক শফিকুর রহমানকে বেধড়ক মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ