প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৩:২৩ পিএম

সরকারি কাজে বাধা ও বেআইনি সমাবেশের অভিযোগে দায়ের করা পল্টন থানার নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৮ আগস্ট) সকালে মামলাটিতে আপিলের শর্তে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বাবুলের আইনজীবী নিহার হোসেন ফারুক। তবে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী জানান, এই আদেশের বিরুদ্ধে তারা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আপিল করবেন। সেখানে ন্যায়বিচার আশা করা হচ্ছে।
এর আগে ২০২৩ সালের ২৩ নভেম্বর মামলার রায়ে শহিদুল ইসলাম বাবুলকে এক ধারায় আড়াই বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা (অপরিশোধে সাত দিনের কারাদণ্ড) দেওয়া হয়। অন্য ধারায় তাকে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা (অপরিশোধে সাত দিনের কারাদণ্ড) দেওয়া হয়।
মামলার নথি অনুযায়ী, ২০১৭ সালের ৩১ অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কক্সবাজার সফর শেষে গুলশানে ফেরার পথে পল্টনে দলের নেতাকর্মীরা সরকারবিরোধী স্লোগান দেয় এবং ভিআইপি সড়ক অবরোধ করে ভাঙচুরের চেষ্টা চালায়। ওই ঘটনায় পল্টন মডেল থানার উপ-পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খলিল বাদী হয়ে মামলা দায়ের করেন।
পরে তদন্ত শেষে ২০১৯ সালের ১৯ জুলাই মামলার অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা ও পল্টন থানার উপ-পরিদর্শক আতাউর রহমান।
স্বদেশ প্রতিদিন/ আরএফ