প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৪:৩৫ পিএম

সংগৃহীত ছবি
ডিম আমাদের প্রতিদিনের খাদ্যতালিকার একটি সহজলভ্য ও পুষ্টিকর উপাদান। ভুনা, সেদ্ধ, অমলেট কিংবা সবজির সঙ্গে— প্রায় সবাই ডিম খেতে পছন্দ করেন। উচ্চ পুষ্টিগুণের কারণে অনেকেই নিয়মিত ডিম খান।
তবে ডিম নিয়ে কিছু প্রচলিত ভুল ধারণা রয়েছে। কেউ মনে করেন, কাঁচা ডিম সবচেয়ে পুষ্টিকর, আবার কেউ বলেন আধা সেদ্ধ ডিম বেশি ভালো। আসলেই কি তাই? কলকাতার চিকিৎসক ডা. আশিস মিত্র এই বিষয়ে মত দিয়েছেন।
ডিমের পুষ্টিগুণ
ডা. মিত্র জানান, ডিমে রয়েছে উচ্চমানের প্রোটিন, ভিটামিন ডি, ক্যালসিয়াম, সেলেনিয়াম, ভিটামিন বি-সহ প্রয়োজনীয় নানা ভিটামিন ও খনিজ। স্বল্প মূল্যে এত পুষ্টিকর খাবার পাওয়া বিরল। প্রতিদিন একটি ডিম শরীরের গুরুত্বপূর্ণ পুষ্টি চাহিদা মেটাতে সহায়ক।
কাঁচা ডিমের ঝুঁকি
কাঁচা ডিম খাওয়ার পক্ষে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বরং এটি পেটে গ্যাস, অ্যাসিডিটি এবং ইনফেকশনের ঝুঁকি বাড়ায়। কাঁচা ডিমে সালমোনেল্লা নামক ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে, যা ডায়রিয়া, বমি ও পেটের নানা সমস্যা সৃষ্টি করতে পারে। তাই কাঁচা ডিম না খাওয়াই ভালো।
আধা সেদ্ধ ডিম কি নিরাপদ?
অনেকেই আধা সেদ্ধ ডিম খেতে পছন্দ করেন, তবে এটিও সবসময় নিরাপদ নয়। এতে গ্যাস, অ্যাসিডিটি বা পেটের সমস্যা হতে পারে। ডিম পোচ বা অমলেটও একইভাবে সমস্যা তৈরি করতে পারে। সবচেয়ে ভালো উপায় হলো ডিম পুরোপুরি সেদ্ধ করে খাওয়া।
দিনে কয়টি ডিম খাবেন?
একজন সুস্থ ব্যক্তি প্রতিদিন একটি ডিম খেতে পারেন। ডায়াবেটিস বা কোলেস্টেরল থাকলেও সমস্যা নেই। তবে হার্টের রোগীদের ক্ষেত্রে প্রতিদিন পুরো ডিম খাওয়া ঠিক নয়— তাদের জন্য সপ্তাহে সর্বোচ্চ তিনটি সেদ্ধ ডিম (হলুদ অংশ বাদ দিয়ে) নিরাপদ।
ডা. মিত্রের পরামর্শ, কার কত ডিম খাওয়া উচিত তা ব্যক্তির স্বাস্থ্য অবস্থা ও প্রয়োজনের ওপর নির্ভর করে। সন্দেহ হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
সূত্র: এই সময় অনলাইন