প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৭:২৪ পিএম আপডেট: ১২.০৮.২০২৫ ৭:২৭ PM

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে একটি বন্য হাতির ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে বিজিবির সহায়তায় হাতিটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা সীমান্তের ৪৩ ও ৪৪ নম্বর পিলার এলাকায় খাবারের সন্ধানে হাতিটি মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করে। এসময় মিয়ানমারের আরাকান বাহিনীর পুঁতে রাখা স্থলমাইনের ওপর পা দিলে বিস্ফোরণ ঘটে এবং হাতিটির ডান পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিজিবির সহায়তায় চিকিৎসকসহ লামা বন বিভাগের একটি টিম ঘটনাস্থলে গিয়ে হাতিটির চিকিৎসা শুরু করে।
লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, “নাইক্ষ্যংছড়ি মিয়ানমার সীমান্তে বন্য হাতি আহতের খবর পেয়ে সঙ্গে সঙ্গে চিকিৎসকসহ টিম পাঠানো হয়েছে। হাতিটির ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে এবং বিজিবির সহায়তায় চিকিৎসা চলছে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ