প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৮:১৯ পিএম আপডেট: ০৫.০৮.২০২৫ ১০:৫৯ এএম

ফাইল ছবি
দেশে ও বিদেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাই হবে বিএনপির আগামী দিনের রাজনীতির অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে সোমবার (৪ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আয়োজিত “ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও আমার না বলা কথা” শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।
রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তারেক রহমান বলেন, “পরিষ্কারভাবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি যেমন বুঝি, তেমনি এখানে উপস্থিত সবাই উপলব্ধি করেন—বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চায়। তারা আর কেবল স্বপ্ন বা প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চায়। বিএনপি জনগণের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন করছে।”
তিনি জানান, দলের নেতাকর্মী ও বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেই বিএনপি ভবিষ্যতের কর্মপরিকল্পনা নির্ধারণ করছে।
তিনি আরো বলেন, আমরা কাজ করছি, আলোচনা করছি। আমাদের রাজনীতির মূল লক্ষ্য জনগণের জীবনমান উন্নয়ন।
তারেক রহমান বলেন, এখন সময় হয়েছে এমন একটি রাজনৈতিক ধারা গড়ে তোলার, যার কেন্দ্রবিন্দু হবে মানুষের অর্থনৈতিক নিরাপত্তা, কর্মসংস্থান এবং মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা।
তিনি মনে করেন, বিএনপি কেবল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারক নয়, বরং আগামী দিনের একটি গণতান্ত্রিক, কল্যাণমুখী রাষ্ট্র গঠনের পরিকল্পনাও করছে।
স্বদেশ প্রতিদিন/এনআর