প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১২:০৯ AM

সংগৃহীত ছবি
বঙ্গোপসাগর পাড়ি দিয়ে মিয়ানমার থেকে ২০ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছেন বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপে। শুক্রবার (২৫ জুলাই) সকালে একটি নৌকায় করে তারা দ্বীপের উত্তর সৈকতে পৌঁছান। নৌকাটিতে ১৬ জন পুরুষ, তিনজন নারী ও একটি শিশু ছিল। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের উদ্ধার করে হেফাজতে নিয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সেন্টমার্টিনের উত্তর সৈকতে রোহিঙ্গাবোঝাই একটি ট্রলার ভিড়েছে—এমন খবর পেয়ে জেলা প্রশাসককে তাৎক্ষণিকভাবে অবহিত করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি নিয়ে কাজ করছে।
স্থানীয় সূত্র জানায়, মিয়ানমারের কারাগার থেকে ছাড়া পেয়ে কিছু রোহিঙ্গা একটি নৌকায় করে বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা করেন। পথে বৈরী আবহাওয়ার কবলে পড়ে তারা সেন্টমার্টিন দ্বীপে প্রবেশ করেন এবং দ্বীপের উত্তর-পশ্চিমাঞ্চলের সৈকতে আশ্রয় নেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। পরে রোহিঙ্গাদের উদ্ধার করে একটি হোটেলে আশ্রয় দেওয়া হয়।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, রোহিঙ্গাদের অনুপ্রবেশের বিষয়টি স্থানীয়দের কাছ থেকে জেনেছি। তবে বিস্তারিত তথ্য এখনো আমার কাছে নেই।
ঘটনার বিষয়ে বিজিবি ও কোস্ট গার্ড আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও সীমান্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সংঘর্ষের কারণে অঞ্চলটিতে মানবিক সংকট তীব্র হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত চলা ওই সংঘাতে আরাকান আর্মি রাখাইনের ৮০ শতাংশ এলাকা দখলে নেয়। এর জেরে গত ১৮ মাসে প্রায় দেড় লাখ নতুন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।
স্বদেশ প্রতিদিন/এনআর