
সংগৃহীত ছবি
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অগ্নিদগ্ধ হয়ে নিহত পাঁচ তরুণীর পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ ও দেহাবশেষ এতটাই অগ্নিদগ্ধ ছিল যে প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাব দুর্ঘটনায় নিহতদের মরদেহ থেকে ১১টি নমুনা সংগ্রহ করে পরীক্ষায় বসে। এই নমুনার সঙ্গে নিহতদের স্বজনদের দেওয়া মোট ১১ জনের ডিএনএ নমুনার মিল খুঁজে বের করে পাঁচ তরুণীর পরিচয় নিশ্চিত করা হয়।
ডিএনএ পরীক্ষায় শনাক্ত হওয়া পাঁচ জন হলেন—
ওকিয়া ফেরদৌস নিধি, পিতা: মো. ফারুক হোসেন, মাতা: সালমা আক্তার
লামিয়া আক্তার সোনিয়া, পিতা: মো. বাবুল, মাতা: মাজেদা
আফসানা আক্তার প্রিয়া, পিতা: মো. আব্বাস উদ্দিন, মাতা: মিনু আক্তার
রাইসা মনি, পিতা: মো. শাহাবুল শেখ, মাতা: মিম
মারিয়াম উম্মে আফিয়া, পিতা: আব্দুল কাদির, মাতা: উম্মে তামিমা আক্তার
সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমান দুর্ঘটনার পর ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সংরক্ষিত অজ্ঞাত মরদেহ ও দেহাংশ থেকে সিআইডির ফরেনসিক টিম ডিএনএ নমুনা সংগ্রহ করে। ওই নমুনা বিশ্লেষণের পর নিহতদের পরিচয় নির্ধারণ করা সম্ভব হয়।
এর আগে সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার শম্পা ইয়াসমিন জানান, নিহতদের শনাক্ত করতে প্রতিটি পরিবার থেকে বাবা-মায়ের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। ডিএনএ মেলানোর মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে, নিহতরা প্রত্যেকে তাদের দাবিদার পরিবারগুলোরই সদস্য।
স্বদেশ প্রতিদিন/এনআর