প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৭:৩৫ পিএম আপডেট: ২৩.০৭.২০২৫ ৭:৪২ PM

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় বিকৃত ছয়টি মরদেহ শনাক্তে কাজ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ পর্যন্ত ১১ জন স্বজনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার (এসপি) শম্পা ইয়াসমিন।
বুধবার (২৩ জুলাই) ২০২৫ বিকাল পর্যন্ত এসব নমুনা সংগ্রহ করা হয় বলে তিনি জানান।
তিনি আরও জানান, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ থাকা ছয়টি মরদেহ বা দেহাবশেষ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এর বিপরীতে এখন পর্যন্ত ১১ জন সম্ভাব্য স্বজন নিজেদের রক্তের নমুনা দিয়েছেন। অনেক পরিবারের একাধিক সদস্যও নমুনা দিয়েছেন।
এ ঘটনায় যারা নিখোঁজ রয়েছেন, তাদের স্বজনদের ডিএনএ নমুনা দিতে মালিবাগে সিআইডি ভবনে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে সরকার।
তথ্য অধিদপ্তরের এক সরকারি বিবৃতিতে বলা হয়, আহত ও নিহতদের প্রকাশিত তালিকায় যাদের প্রিয়জনের নাম নেই, তাদের পরিবারের সদস্যরা যেন সিআইডিতে গিয়ে নমুনা দিয়ে সহযোগিতা করেন।
প্রধান উপদেষ্টার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী ডা. মো. সায়েদুর রহমান এই অনুরোধ জানিয়েছেন।
বিবৃতিতে আরও জানানো হয়, সিএমএইচ মর্গে রাখা ছয়টি মরদেহ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। ইতোমধ্যে সেগুলোর ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডির ল্যাবরেটরিতে প্রোফাইলিংয়ের কাজ শুরু হয়েছে। নিখোঁজদের স্বজনদের নমুনা পাওয়া গেলে দ্রুততম সময়ের মধ্যে পরিচয় নিশ্চিত করা হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ