প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ২:২৪ পিএম

আগামী ২৪ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে এ ঘোষণা দেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় উপদেষ্টা এ সিদ্ধান্তের কথা জানান। ঠিক কবে এ পরীক্ষাটি নেওয়া হবে, তা পরে জানিয়ে দেওয়া হবে বলে জানা গেছে।
এর আগে, সকালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে বিক্ষোভে নামে। এই দাবিগুলোর মধ্যে ছিল—উত্তরায় যুদ্ধবিমান দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, আহতদের সর্বোচ্চ চিকিৎসা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানসিক সহায়তা ব্যবস্থা করা।
সরকার এই দাবিগুলোর প্রতি সংবেদনশীল অবস্থান নিয়েছে বলে জানানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “শিক্ষার্থীদের প্রতিটি দাবি যুক্তিসঙ্গত। সরকার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং প্রয়োজনে আরও পদক্ষেপ নেওয়া হবে।”
স্বদেশ প্রতিদিন/এনআর