প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ১১:১৭ AM আপডেট: ১১.০৭.২০২৫ ১১:৩৬ এএম

রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক মোটরসাইকেল চালক। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার সঙ্গে থাকা আরেক আরোহী।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের নাম বোরহান উদ্দিন। তার স্বজন সোহেল মিয়া জানান, বোরহান ডেমরার আমুলিয়া মডেল টাউনের শুকনা টেংরা এলাকায় থাকতেন এবং একটি বেসরকারি কোম্পানিতে গাড়ি চালাতেন। রাতের কাজ শেষ করে নিজ মোটরসাইকেলে এক বন্ধুকে নিয়ে ডেমরা থানার দিকে যাচ্ছিলেন। পথে স্টাফ কোয়ার্টার এলাকার সিকদার ফিলিং স্টেশনের সামনে রমজান পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বোরহান।
স্বদেশ প্রতিদিন/ আরএফ