প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৫:৫৩ পিএম

সংগৃহীত ছবি
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে নতুন করে আরও ৪৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫৪ জন।
আজ সোমবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৮ জনের। এই বছরের ৭ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১২ হাজার ৭৬৩ জন। এর মধ্যে ৫২ দশমিক দুই শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক আট শতাংশ নারী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৩ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৪ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন।”
উল্লেখ্য, ২৪ ঘণ্টায় ৪১১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট ১১ হাজার ৪০৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।