প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৯:২০ AM আপডেট: ০৬.০৭.২০২৫ ১০:৪৩ এএম

উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা করা হচ্ছে এবং সমুদ্রপথে চলাচলে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের রবিবার (৬ জুলাই) সকালের সতর্ক বার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর বায়ুচাপের তারতম্য বিরাজ করছে। এর ফলে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি, মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলার আহ্বান জানানো হয়েছে।
খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এসব এলাকায় দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ সকাল থেকেই ঢাকাসহ আশপাশের আকাশ মেঘলা। সকাল ৭টার আবহাওয়ার বুলেটিন অনুযায়ী, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
ঢাকায় সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি। ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ১০ মিলিমিটার।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিও হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
স্বদেশ প্রতিদিন/এমএম