প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ১:৪৭ পিএম

ঢাকায় কোনো ধরনের মব জাস্টিস সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, ‘আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো এখতিয়ার কারও নেই। মব জাস্টিসের ঘটনায় পুলিশ গাফিলতি করলে, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
আজ মঙ্গলবার (২৪ জুন) দুপুরে রাজধানীতে জাপানি উন্নয়ন সংস্থা জাইকার সহায়তায় আয়োজিত ‘সড়ক নিরাপত্তা পোস্টার ও স্লোগান প্রতিযোগিতা’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘উত্তরায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নূরুল হুদাকে ঘিরে তৈরি হওয়া মব জাস্টিসের ঘটনায় আমরা একজনকে গ্রেপ্তার করেছি এবং মামলা রুজু করা হয়েছে। আমরা মব জাস্টিসকে কোনোভাবেই অনুমোদন দিচ্ছি না। বরং এসব ঘটনায় ছিনতাই ও ডাকাতির মামলা নিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘পুলিশ সদস্যরা যদি দায়িত্বে অবহেলা করেন, তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। কয়েক মাস আগেও ঢাকায় যেভাবে মব জাস্টিসের ঘটনা ঘটত, এখন তার হার অনেকটাই কমে এসেছে।’
রাতে আসামির খোঁজে বাড়িতে ঢোকার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘রাতের বেলায় দরজা ভেঙে ঘরে প্রবেশ বা তল্লাশির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা বরদাশত করি না। এখন এসব কর্মকাণ্ড অনেকটাই কমেছে। কেউ অপরাধী ধরে দিতে চাইলে, পুলিশকে খবর দিন। আইন হাতে তুলে নেওয়া যাবে না।’
চাঁদাবাজির বিষয়ে তিনি বলেন, ‘অভিযোগ পেলেই আমরা মামলা নিচ্ছি। যেমন আদাবর থানায় চাঁদাবাজির একটি ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার ও জাইকার কর্মকর্তারা। ডিএমপি কমিশনার প্রতিযোগিতায় বিজয়ী ১০ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন।
স্বদেশ প্রতিদিন/এমএম