প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৬:০৭ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন নয়, বরং এ সরকারের মেয়াদ তিন মাসের মধ্যে সীমিত রাখার পক্ষে অবস্থান নিয়েছে বিএনপি।
মঙ্গলবার (৩ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে চলমান সংলাপে অংশ নেন বিএনপির একটি প্রতিনিধিদল। সংলাপের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সালাহউদ্দিন।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার শুধুমাত্র জাতীয় নির্বাচন পরিচালনার জন্য, স্থানীয় সরকার নির্বাচন তাদের এখতিয়ারে থাকা অনুচিত। তত্ত্বাবধায়ক সরকারের স্থায়িত্বও তিন মাসের বেশি হওয়া উচিত নয়।
জাতীয় নিরাপত্তা ইস্যুতে বিএনপির অবস্থান তুলে ধরে সালাহউদ্দিন বলেন, জাতীয় নিরাপত্তা, আস্থা ভোট, অর্থবিল ও সংবিধান সংশোধন—এসব গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদে সিদ্ধান্ত নেওয়া উচিত সব দলের ঐকমত্যের ভিত্তিতে। যুদ্ধ পরিস্থিতির মতো সংকটে সরকারের একক সিদ্ধান্ত নয়, জাতীয় ঐকমত্যে ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান তিনি।
সংসদীয় স্থায়ী কমিটি প্রসঙ্গে তিনি বলেন, কমিশনের প্রস্তাব ছিল সব কমিটির চেয়ারম্যান বিরোধী দল থেকে নির্বাচিত হবেন, যা বাস্তবসম্মত নয়। তার মতে, কিছু গুরুত্বপূর্ণ কমিটির নেতৃত্ব বিরোধী দলের হাতে দেওয়া যেতে পারে, তবে সব কমিটি নয়।
স্বদেশ প্রতিদিন/এনআর