
মাঠের ধান কাটা শেষ। ধানগাছের কাণ্ডে আবার গজিয়েছে কচি পাতা, আর সেগুলো দুলছে দক্ষিণা বাতাসে। এই নতুন পাতার মতোই কেল্লাপোশীর মানুষের মনেও দোলা দিচ্ছে উৎসবের ঢেউ- শুরু হয়েছে ঐতিহ্যবাহী ‘জামাইবরণ মেলা’।
বগুড়ার শেরপুর উপজেলা সদর থেকে তিন কিলোমিটার পশ্চিমে কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোশী গ্রামে প্রতিবছরের মতো এবারও জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রবিবার (২৫ মে) থেকে শুরু হয়েছে এই মেলা, যা চলবে টানা তিনদিন।
প্রায় পাঁচ শতাব্দী ধরে চলে আসা এই মেলাকে স্থানীয়রা আদর করে ‘মেলার রাজা’ বলে ডাকেন। কেউ বলেন ‘মাদারের মেলা’, আবার অনেকেই বলেন ‘জামাইবরণ মেলা’। নাম যাই হোক, এটি এখন শুধুমাত্র একটি মেলা নয়, এটি একটি সাংস্কৃতিক ঐতিহ্য ও আবেগের নাম।
জনশ্রুতি ও পুঁথির কাহিনি অনুযায়ী, বৈরাগনগরের বাদশা সেকেন্দারের ছেলে গাজী মিয়া ও তাঁর দত্তক ভাই কালু মিয়া ছিলেন এই মেলার ঐতিহাসিক নায়ক। গাজী মিয়া ব্রাহ্মণ রাজা মুকুটের কন্যা চম্পাবতীকে বিয়ে করেন যুদ্ধ জিতে। তাদের এই বিবাহ-পর্বকে কেন্দ্র করেই শুরু হয় এই মেলা, যা আজও জ্যৈষ্ঠের দ্বিতীয় রবিবার তিনদিন ধরে পালিত হয়।
মেলার এক বিশেষ আয়োজন ‘মাদার খেলা’। মেলা শুরুর আগে সপ্তাহখানেক ধরে চলে এই লোকজ বিনোদন। লাল কাপড়ে মোড়া বড় বাঁশকে নানা রঙে সাজিয়ে দলবেঁধে চলে ঢাক-ঢোল, গান, লাঠিখেলা ও পাড়া-মহল্লায় প্রদর্শনী।
মেলায় জামাইদের দেওয়া হয় সেলামি। তারা সেখান থেকে খাসি, বড় মাছ, মিষ্টান্ন, খেলনা- নানান কিছু কিনে শ্বশুরবাড়িতে নিয়ে যান। নতুন-পুরনো জামাইদের দাওয়াত দিয়ে বাড়িতে রাখা হয় বিশেষ আপ্যায়নের ব্যবস্থা। শ্যালক-শ্যালিকাদের সঙ্গে মেলায় ঘুরে দেখা, সার্কাস, হোন্ডা খেলা, পুতুল নাচ উপভোগ করেন জামাইরা।
মেলায় রয়েছে সার্কাস, নাগরদোলা, হোন্ডা খেলা, পুতুল নাচ, বিচিত্রা; কাঠের আসবাবপত্র, মিষ্টি-ফলমূল, বড় মাছ, খাসি-মহিষের মাংস, কুঠির শিল্প সামগ্রী, ঝুড়ি, তুলা, মসলা, চুন, গ্রামের মানুষ বছরের জন্য প্রয়োজনীয় জিনিস এখান থেকেই কিনে রাখেন।
বড় জমায়েত হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এসএম মঈনুদ্দিন বলেন, ‘আমি এই থানায় নতুন যোগ দিয়েছি। মেলার ঐতিহ্য সম্পর্কে শুনেছি। কোনো অশ্লীল যাত্রা, জুয়া বা অনৈতিক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম