প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ১১:২৫ AM আপডেট: ২৩.০৫.২০২৫ ১১:৩১ এএম

জনতার মেয়র হিসেবে কোরবানির ঈদে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সহায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
শুক্রবার (২৩ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘শপথ কেবল একটা ফরমালিটি। জনতার মেয়র হিসেবে আমার দায়িত্ব আগামী কোরবানির ঈদের আগে যাতে বর্জ ব্যবস্থাপনার পর্যাপ্ত প্রস্তুতি থাকে তা নিশ্চিত করা।’
তিনি আরও বলেন, ‘আমি ঢাকাবাসীকে নিশ্চিত করছি, উত্তরে মেয়র না আসা পর্যন্ত সেখানকার প্রশাসন ও পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্ব পালনে সহযোগিতা করব।’
তিনি আরও জানান, মেয়র হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ না করলেও ঈদের সময় নগরবাসীর কষ্ট লাঘবে তিনি নিজে মাঠে থাকবেন।
ইশরাক হোসেন তার পোস্টে আরও উল্লেখ করেন, দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বিগত নির্বাচনের প্রার্থীদের সমন্বয়ে গঠিত একটি জোনভিত্তিক মনিটরিং টিম অনুমোদনের পরিকল্পনা রয়েছে তার।
বিকেলের মধ্যে (১৬ ঘণ্টায়) একটি স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন তিনি।
তিনি জানান, পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নের সময় তিনি নিজেও পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে ময়লার স্তূপের কাছে থাকবেন, যা একটি প্রতীকী কিন্তু শক্তিশালী বার্তা দিতে পারে নগরবাসীর প্রতি দায়বদ্ধতার।
বিশ্লেষকরা মনে করছেন, ইশরাক হোসেনের এই ঘোষণা শুধু একটি রাজনৈতিক অবস্থান নয়, বরং ঢাকার নাগরিক সেবার ঘাটতি পূরণে বিকল্প নেতৃত্বের বার্তাও বহন করে। জনতার মেয়র হিসেবে নিজেকে তুলে ধরে তিনি আগামী নির্বাচনের জন্য একটি ইতিবাচক ইমেজ গড়ার চেষ্টা করছেন বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত।
প্রতি বছর কোরবানির ঈদে ঢাকা শহরের অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও জনস্বাস্থ্য সুরক্ষা। সরকার ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে বর্জ্য ব্যবস্থাপনা করা হলেও, গত কয়েক বছর ধরেই নগরবাসীর কাছ থেকে নিম্নমানের পরিষেবা ও দেরিতে বর্জ্য অপসারণের অভিযোগ উঠে আসছে।
এ পরিস্থিতিতে ইশরাক হোসেনের এই আগাম উদ্যোগ এবং সরাসরি সম্পৃক্ত হওয়ার ঘোষণা নাগরিকদের মধ্যে একটি আশার সঞ্চার করতে পারে।
স্বদেশ প্রতিদিন/এমএম