প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৯:৪৩ AM

রাজধানী ঢাকা শহরে অজ্ঞান পার্টির তৎপরতা আবারও বৃদ্ধি পেয়েছে। গতকাল সোমবার (১৯ মে) মহাখালী থেকে বলাকা বাসে গুলিস্তানে আসার সময় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন এক যাত্রী।
জানা যায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ব্যক্তির নাম মো. ফাহাদ আহমেদ (২৮)। তিনি একজন কসমেটিকস ব্যবসায়ী। তার কাছ থেকে অজ্ঞান পার্টির দুর্বৃত্তরা ২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছে পুলিশ।
ঘটনা ঘটে সোমবার সকাল ৮ টার দিকে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
ফাহাদের বন্ধু বিপ্লব মিয়া জানান, তারা দুজনেই ময়মনসিংহ থেকে কসমেটিকস কিনতে ঢাকা এসেছিলেন। তারা প্রথমে মহাখালী বাসস্ট্যান্ড পৌঁছান এবং পরে প্রভাতী বাসে গুলিস্তানের উদ্দেশ্যে রওনা দেন।
তবে বাসে সিট না থাকার কারণে ফাহাদ পেছনের সিটে বসেছিলেন এবং বিপ্লব সামনে বসে ছিলেন। পরে, পল্টন মোড়ে বাস থেকে নামার সময় বিপ্লব ফাহাদকে ডাকতে গিয়ে দেখেন, ফাহাদ অচেতন হয়ে পড়ে আছেন। তখন তিনি বুঝতে পারেন যে, তার বন্ধু অজ্ঞান পার্টির শিকার হয়েছেন।
ফাহাদ তার সাথে ২ লাখ টাকা নিয়ে বের হয়েছিল কসমেটিকস কেনার জন্য, কিন্তু প্রতারক চক্র তাকে অজ্ঞান করে সেই টাকা হাতিয়ে নেয়।
বিপ্লব বলেন, ‘ঈদের আগে দোকানে মাল উঠানোর প্রস্তুতি নিয়ে সে এখন নিঃস্ব হয়ে গেছে।’
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মো. ফারুক বলেন, ‘ফাহাদকে অচেতন অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয় এবং চিকিৎসক তাকে মেডিসিন ভবনের ৭০১নং ওয়ার্ডে ভর্তি করেছেন। ঘটনার তদন্ত চলছে এবং অজ্ঞান পার্টির সদস্যদের ধরার জন্য পুলিশ কাজ করছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম